জাতীয়
বিএনপি জোটের বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করবে — জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের (বিএনপি জোট) নির্বাচনী বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নেবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। সাকি বলেন, জনগণের রায় এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও তা কার্যকর করার মাধ্যমে নতুন সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
বিবৃতিতে তাকে নির্বাচিত করায় বাঞ্ছারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, যুগপৎ কর্মসূচি ও ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে দেশের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও নির্বাচন সফল করতে ভূমিকা রেখেছে। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সম্পন্ন করেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেছে বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে সাকি বলেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক শক্তি আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে—এটাই জনগণের প্রত্যাশা। তিনি দৃঢ়ভাবে জানান, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, নির্বাচনের পর সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদের কার্যকর উদ্যোগই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ।








