জাতীয়

জামায়াত আমিরের নেতৃত্বে গঠনমূলক ভূমিকার প্রশংসা

ডেস্ক

শেয়ারঃ

জামায়াত আমিরের নেতৃত্বে গঠনমূলক ভূমিকার প্রশংসা- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করেছেন এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণভাবে গ্রহণ করেছেন—তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।’


তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে জামায়াত যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।


তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।”


প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, জামায়াত ভবিষ্যতেও একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।


তিনি বলেন, “জাতীয় ঐক্য সুসংহত রাখতে আপনি অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”

শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।


সম্পর্কিত খবর