জাতীয়
খুলনায় জামায়াত নেতার বাড়িতে আগুন

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক শোকর আকুঞ্জির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে তাঁর একটি লাকড়ি রাখার ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগী শোকর আকুঞ্জি অভিযোগ করেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক হওয়ায় পূর্ব থেকেই ধানের শীষ প্রতীকের সমর্থকদের পক্ষ থেকে এলাকায় বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। পরিকল্পিতভাবেই তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে গিয়ে পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত পদক্ষেপ না নিলে আগুন আশপাশের বসতঘরেও ছড়িয়ে পড়তে পারত।
খানজাহান আলী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির সৈয়দ হাসান মাহামুদ (টিটো) বলেন, আটরা-গিলাতলা ইউনিয়নের প্রায় ৪০ হাজার ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৯ হাজার ৫৫ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ৪৪২ ভোট। এ ইউনিয়নে দাঁড়িপাল্লার বিপুল সমর্থন থাকা সত্ত্বেও ধানের শীষকে বিজয়ী ঘোষণা করার পর থেকেই বিএনপি ও আওয়ামী লীগের লোকজন দাঁড়িপাল্লার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তাঁর দাবি, একই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, শোকর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর রুকন ও ইউনিট সভাপতি এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মশিয়ালী ওয়ার্ড সভাপতি। ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমির এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মইনুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকিরসহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটি লাকড়ি রাখার ঘরে আনুমানিক ৩–৪ মণ কাঠ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








