ক্যাম্পাস
গণতান্ত্রিক নবযাত্রার সূচনায় জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার শুভ সূচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আয়োজকদের পক্ষ থেকে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক
ড. শামীমা সুলতানা বলেন, এই আয়োজনের উদ্যোগের উদ্দেশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাই যেন দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নতুন গণতান্ত্রিক যাত্রার অংশীদার হতে পারে। একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই আমরা সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশন করেছি। পাশাপাশি রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান দেশ যেন সবার হয়, সমতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠে।"
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময়ই দেশের গণতান্ত্রিক সংকট ও দুঃসময়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ ও দায়িত্ববোধের জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা নিয়েছি, জাতীয় সংগীতের মাধ্যমে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। সংসদে যে শপথ গ্রহণ হয়েছে, দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, তা যেন অটুট থাকে, এটাই আমাদের প্রত্যাশা। "








