জাতীয়

জুলাই সনদ সাক্ষরিত বিষয়গুলো অক্ষরে–অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক

শেয়ারঃ

জুলাই সনদ সাক্ষরিত বিষয়গুলো অক্ষরে–অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে সাক্ষর করা হয়েছে, আমরা তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’


আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির নবনির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।


সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য দুটি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো—কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।


তিনি বলেন, ‘আজ থেকে পরিবর্তনের সূচনা হলো। এ দেশে সংসদ সদস্য হলেই তিনি সবার ওপরে থাকবেন—এ ধারণার অবসান ঘটবে।’


সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিতরা। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে এবং সেখানে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।


বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সিইসি তাঁদের এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেননি এবং তাঁরাও সেই শপথ গ্রহণ করেননি।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘সাংবিধানিকভাবে সবকিছু পরিচালিত হওয়া জরুরি। আমরা এ পর্যন্ত সাংবিধানিক পদ্ধতি মেনেই এগিয়েছি। আগামীতেও রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখব।’


সম্পর্কিত খবর