ক্যাম্পাস
জাবিতে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫২'র মহান ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "একটি জাতির পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি তার মাতৃভাষা, আর সেই ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের এই আত্মত্যাগ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।"
তিনি আরও বলেন, "আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা আজ বিশ্বব্যাপী উদ্যাপিত হচ্ছে।"
এর আগে উপাচার্য শহিদ মিনারের পাদদেশে শহিদ দিবসের পতাকা ও উপ-উপাচার্য (শিক্ষা) বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। শহিদ দিবসের পতাকা উত্তোলন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপাচার্যের সাথে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), জাবি সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রেস ক্লাব, জাতীয় ছাত্রশক্তি, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ পেশাজীবী সংগঠন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।








