জাতীয়

দেশবাসী দুর্নীতির ছিটেফোঁটাও বরদাশত করবে না: জামায়াত

ডেস্ক

শেয়ারঃ

দেশবাসী দুর্নীতির ছিটেফোঁটাও বরদাশত করবে না: জামায়াত- খবরের থাম্বনেইল ফটো

দুর্নীতির ছিটেফোঁটাও দেশবাসী বরদাশত করবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন এবং এ ধরনের অনিয়মকে কোনোভাবেই ‘সমঝোতার’ নামে বৈধতা দেওয়া চলবে না।


শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সড়কপরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


তিনি অভিযোগ করেন, ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার মতো বক্তব্য রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে।


বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং জনগণ ন্যায়বিচার ও জবাবদিহিতা থেকে বঞ্চিত হতে পারে।


দলটি মনে করে, সরকারের দায়িত্ব হলো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ আড়ালে লুকানোর সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।


বিবৃতিতে আরো বলা হয়, সড়কপরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহার করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়।


জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদাবাজি বন্ধ করে জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।


বিবৃতিতে দেশবাসীকে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


সম্পর্কিত খবর