ক্যাম্পাস

সংকীর্ণ জাতীয়তাবাদ আমাদেরকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিল: চাকসু জিএস

ডেস্ক

শেয়ারঃ

সংকীর্ণ জাতীয়তাবাদ আমাদেরকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিল: চাকসু জিএস- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেছেন, ১৯৪৭ সালে আমরা যে নতুন একটি দেশ পেয়েছিলাম, সেই দেশ আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারিনি। সংকীর্ণ জাতীয়তাবাদ আমাদেরকে শুরুতেই দ্বিধাবিভক্ত করে দিয়েছিল। পাকিস্তানি শাসকরা যখন আমাদের এই বাংলা ভাষাকে অবজ্ঞা করতে শুরু করল এবং কেবলমাত্র উর্দুকেই প্রাধান্য দিতে শুরু করল, তখন এই দেশের মানুষ আর থেমে থাকেনি।


শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের যারা শহীদ ছিলেন, উনারা চেয়েছিলেন আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। এই ভাষা দিয়ে তারা প্রথম থেকেই যে বৈষম্য শুরু করল, এই বৈষম্য আমাদেরকে পদে পদে এগিয়ে নিয়ে আসল। সর্বশেষ আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল আমিন এবং সঞ্চালনা করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।


এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, ক্যাম্পাস ক্লাব, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র, প্রভোস্ট ও ডিনদের পক্ষ থেকে একজন করে বক্তব্য প্রদান করেন।


এসময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।


সম্পর্কিত খবর