জাতীয়
জুলাই পরিচয় রক্ষা করতে রাজপথে নামাতেও প্রস্তুত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার যদি ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে চায়, তবে তিনি এক এক জন ওসমান হাদীর মতো রাজপথে নামার জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রামপুরায় জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে অনুষ্ঠিত দোয়া ও গণইফতারে তিনি এসব কথা বলেন।
জাবের বলেন, “জুলাই, ছাত্র-যুব সমাজের অনেকের কাছে এখন মনোকষ্টের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এই জুলাইই আপনাদের মুক্তি দিয়েছে, ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামল থেকে আজাদ করেছে। সেই মুক্তি গ্রহণ করতে না পারলে আবার সেই কারারুদ্ধ অবস্থায় ফিরে যেতে হবে। জুলাইয়ের পুলিশকে আমরা কোনোভাবেই জুলাই পরবর্তী সময়ে দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “জুলাই কখনও ক্ষমতাবানদের লাঠিয়াল হতে পারবে না; তাকে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা শুনতে হবে। তারা যদি জনগণের বিপক্ষে অবস্থান করে, তবে আরেকটি জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জুলাইকে কোনোভাবে হারাতে দেব না।”
জাবের এই প্রশ্নও তুলেন, “সরকার পিলখানা, শাপলা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কতদিনের মধ্যে করবে? ১৭ বছরে গুম ও খুনের বিচার কবে হবে? জুলাইয়ে গুলি চালানো পুলিশের কী বিচার হবে?”
তিনি একই সঙ্গে সরকার এবং বিরোধী দলকে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।








