ক্যাম্পাস

ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। ২০১৮–২০১৯ ও ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক জীবনে এ ধরনের স্বীকৃতি একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গর্বের। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে। তিনি আরও বলেন, যবিপ্রবি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা ও শিক্ষায় ক্রমাগত অগ্রসর হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই বিশ্ববিদ্যালয় বিশ্বদরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে। এ সময় তিনি ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।


অনুষ্ঠানের আহ্বায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। চলতি বছরে ১১ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ থেকে সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ ও সাইফুল ইসলাম; ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ থেকে মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা; জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগ থেকে মুন্নি আক্তার ও পল্লব সিংহ; এবং ফার্মেসি বিভাগ থেকে সাদমান হোসাইন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।


সম্পর্কিত খবর