ক্যাম্পাস

নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জকসু

মোহন খোন্দকার, জবি প্রতিনিধি

শেয়ারঃ

নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জকসু - খবরের থাম্বনেইল ফটো

নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে বিজ্ঞান ভবন প্রাঙ্গন ঘুরে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।



এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, নির্বাচনের পর সহিংসতা থামেনি। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সমাজে এখনো নৈরাজ্য থামেনি। পুলিশ প্রশাসন এখনো গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা দিচ্ছে। সরকার প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এদেশে সবাই যাতে বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি।


জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চনেত্রী শান্তা আক্তার বলেন , নরসিংদীর এই ধর্ষন-হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলের পরিচয় ব্যতিরেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেককে ঘটনার ন্যায়বিচার কমনা করছি।


জকসু জিএস আব্দুল আলীম আরিফ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থান আমরা পেয়েছি তখন আমরা চেয়েছিলাম এ দেশটি হবে ইনসাফের, এই দেশটি হবে ধর্ষণমুক্ত কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়েও যখন নতুন গভমেন্ট আসলো তখনো আমরা ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি দেশ দেখতে পারলাম না। বিগত সরকারের আমলে নিজ দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে গণধর্ষনের শিকার হয়েছিল। ঠিক একই ধরনের ঘটনা আমরা নরসিংন্দীতেও দেখলাম। এটা কোন রাজনৈতিক কিছু না ধর্ষকের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এ ধর্ষকের যদি শাস্তি দেয়া না হয় তাহলে ধর্ষকেরা মাথা চারা দিয়ে উঠবে। তাই এ ধর্ষকের আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি।


এ সময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, এই রাষ্ট্র ধর্ষকদের বিচার করতে ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে, যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে জকসু ভিপি আরও বলেন, আমাকেও মেরে দুদিন পর বুড়িগঙ্গায় লাশ পাওয়া যেতে পারে। তার হত্যার বিচার হবে কিনা কেউ জানে না। হাদী ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জকসুর ভিপি মো: রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম, এজিএস মাসুদ রানাসহ অন্যান্য প্রতিনিধিরা।


উল্লেখ্য, গতকাল নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত খবর