জাতীয়

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার সংস্কারে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক

শেয়ারঃ

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার সংস্কারে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক- খবরের থাম্বনেইল ফটো

রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন তিনি।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাসমুল হক-এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, সড়ক ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তাদের মতামত শোনেন প্রধানমন্ত্রী।


সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগের দিন রোববারও তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।


অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও স্থপতিদের সঙ্গে আলোচনা করেন সরকারপ্রধান। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে।


এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।


সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এ ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


সম্পর্কিত খবর