জাতীয়

‘অটোপাশের’ আর সুযোগ নেই, নকল ঠেকাতে আসছে নতুন আইন: শিক্ষামন্ত্রী

ডেস্ক

শেয়ারঃ

‘অটোপাশের’ আর সুযোগ নেই, নকল ঠেকাতে আসছে নতুন আইন: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

পরীক্ষায় ‘অটোপাশের’ আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন কিংবা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল ঠেকাতে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে পৃথক আইন আনার প্রক্রিয়া শুরু হবে।


পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে শরীর তল্লাশি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রের টয়লেটসহ যেকোনো স্থানে নকলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও সতর্ক করেন মন্ত্রী। নকল প্রতিরোধে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন জেলায় উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের কথাও জানান।


মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষাব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ব্যবহারিক পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত শিক্ষা কাঠামোয় পরিচালিত হবে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত খবর