জাতীয়
সংসদের অধিবেশন ঘিরে বৈঠকে বিরোধী দলের এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বৈঠকে আগামীকাল শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা ও অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদ কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী–এনসিপি জোটের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে।








