জাতীয়
ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচারের সহযোগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দিয়ে কেন সংসদে ভাষণ দেওয়ানো হচ্ছে, তা বিএনপি কেন সমর্থন করছে—এ বিষয়টি তাদের কাছে পরিষ্কার নয়। এ নিয়ে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। তবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বৃহস্পতিবার জানানো হবে বলে উল্লেখ করেন।
ডেপুটি স্পিকারের পদ প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তাব এলে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরাও অংশ নেন।
সভায় আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু নিয়েও আলোচনা হয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।








