জাতীয়

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা প্রতিমন্ত্রীর- খবরের থাম্বনেইল ফটো

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, “পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এক সময় এই সোনালী আঁশের কারণে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি ছিল, তবে বর্তমানে খাতটি কিছুটা পিছিয়ে পড়েছে।”


শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা এবং খাতে বৈচিত্র্য আনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি আরও বলেন, “২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্লাস্টিক নিষিদ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আবারও প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং মানুষকে চট ও পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব।”


শরীফুল আলম বলেন, “আমাদের মেয়াদ কম হলেও আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান ফলাফল পাওয়া যায়। পাটের ফলন ও মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”


তিনি উল্লেখ করেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে পাটপণ্য ব্যবহারের উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে পাটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


পরিদর্শনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতারা মনির হোসেন আকন, আব্দুল মান্নান হাওলাদার, দেলোয়ার হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর