জাতীয়
জুলাই সনদ আমরা সংবিধান অনুযায়ী পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিরোধী দলের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ আমরা আইন, বিধি ও সংবিধানের মধ্য দিয়ে পালন করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া হচ্ছে। জুলাই সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যেই আদালতে চ্যালেঞ্জ আছে এবং রুল জারি হয়েছে। বিষয়টি বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। গণভোটের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের পরই প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।








