জাতীয়
নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে: ডা. জুবাইদা

নারীদের ক্ষমতায়ন এবং কন্যাশিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে নারীদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ডা. জুবাইদা রোববার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ তথ্য জানান। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
তিনি বলেন, “দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারী ও কন্যাশিশুরা নিরাপদ, সম্মানিত ও ক্ষমতায়িত হবে।”
ডা. জুবাইদা আরও বলেন, কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। শিক্ষার মাধ্যমে কন্যাশিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া সম্ভব, যা তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া, এটি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কন্যাশিশুরাও তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা জানান, অনেক নারী আদালতে বিচার চাইলেও যথাযথ সহায়তা পান না। তাই নারীরা যেন ন্যায়বিচার পেয়ে মাথা উঁচু করে বের হতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।








