জাতীয়

চীন বন্ধুত্বের পরিচয় দিয়ে চলেছে: জামায়াত আমির

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চীন বন্ধুত্বের পরিচয় দিয়ে চলেছে: জামায়াত আমির- খবরের থাম্বনেইল ফটো

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। অনেক দেশ বিনা প্রলোভনে হস্তক্ষেপ করে, কিন্তু চীন তা করে না। তারা সবসময় বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।


মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে চীনের সহায়তায় অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা-১৫ নির্বাচনী এলাকার দরিদ্র সহস্রাধিক মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।


জামায়াত আমির বলেন, “এটি স্বল্প আয়ের ভাই-বোনদের জন্য একটি সামান্য উপহার। এজন্য চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ। এর আগে গত বছর তিনি গাজীপুরে দিয়েছেন, এবার ঢাকা-১৫ আসনের জন্য এগিয়ে এসেছেন। এই উপহার ঈদের দিনে তাদের জন্য আনন্দের ঝিলিক হবে।” তিনি আরও বলেন, “সরকার যা দেবে, তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর সঙ্গে আমরা নিজেরাও কিছু করার চেষ্টা করব।”


ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ৫০ বছর পূর্ণ করেছে। তারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম অংশীদার। তাদের সহযোগিতায় দেশে অনেক বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে।”


তিনি বলেন, “মৈত্রী সম্মেলন কেন্দ্র চীনের উপহার। অতীতের শাসনের সময় এটি হাইজ্যাক হয়েছিল, নামও পরিবর্তন করা হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে এটি মুক্ত হয়েছে। এজন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ।”


তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কান্না এই প্রকল্প। অতীতে কেন তা বাস্তবায়ন হয়নি, তা সবাই জানে। আমরা অতীতের ভুল ধারাবাহিকতা চালাতে চাই না। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। এই প্রকল্প বাস্তবায়নে আমাদের সমর্থন ও প্রয়াস থাকবে।”


তিনি আরও জানান, “চীন ইতোমধ্যে এক হাজার বেডের দুটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল নির্মাণের বাজেট ঘোষণা করেছে। এটি বন্ধুত্বের নিদর্শন। অন্যান্য বন্ধু দেশকেও এভাবে এগিয়ে আসা উচিত।”


ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সারা বিশ্বের সভ্য দেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু কারো আধিপত্য মেনে নেব না। অতীতের বোঝা আর যুবসমাজকে দিতে চাই না। আমাদের যুবসমাজ গর্বিতভাবে বিশ্বের বুকে বাঁচতে চায়।”


তিনি আদর্শ স্কুলের শিক্ষার মান উন্নয়নে চীনা রাষ্ট্রদূতের সহায়তার আহ্বান জানান এবং বলেন, “এই এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে একসঙ্গে কাজ করলে অস্থিরতা দূর হবে।”


চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমি এখানে পেরে খুশি। ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ হলো ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের উৎসব। আমরা কিছু উপহার নিয়ে এসেছি, আশা করি এগুলো মিরপুরের মানুষের আনন্দ বাড়াবে।”


অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর