জাতীয়
কদরের সরকারি ছুটি হলেও অফিসে প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে নিজের দপ্তরে আসেন তিনি, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী অফিস করছেন। তাঁর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।”
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাঁকে স্বাগত জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল। তার অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরে নির্বাহী আদেশে ছুটি রয়েছে।








