জাতীয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টানানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, ভোরে লোকচক্ষুর আড়ালে কেউ ব্যানারটি টানিয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ব্যানারে ছাত্রলীগের দলীয় স্লোগান লেখা ছিল। তারা অভিযোগ করেছেন, এটি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। অতীতে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করেছে। রাতের অন্ধকারে ব্যানার টানিয়ে তারা আবারও ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।”
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একই বছরের অক্টোবরেই বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম দেখা যায়নি।








