জাতীয়

আকস্মিক পরিদর্শনে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আকস্মিক পরিদর্শনে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ঈদুল ফিতরের দিন (শনিবার) আকস্মিকভাবে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সরাসরি হাসপাতালের রন্ধনশালায় গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান পরীক্ষা করেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের সেবা নিশ্চিত করেন।


পরিদর্শনের সময় এক অসচ্ছল গ্যাস্ট্রো রোগীর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।


সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সার্বিকভাবে হাসপাতালের ব্যবস্থাপনা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার মান সন্তোষজনক। জনবল সংকট সমাধানে দীর্ঘদিন ডেপুটেশনে থাকা ১০ জন চিকিৎসকের অর্ডার আগামী এক মাসের মধ্যে বাতিল করার নির্দেশ দিয়েছেন। কুকুর ও বিড়ালের কামড়ের ভ্যাক্সিন এবং এক্স-রে ফিল্মের সংকট মোকাবেলায় বরাদ্দ নিশ্চিত করার কথাও বলেন।


স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও উন্নত সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।


উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, থানার ওসি মো. শাহীনুর আলম, প্রেসক্লাব ও বিএনপি নেতারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর