জাতীয়
নিহতদের ১ লাখ টাকা, স্বয়ংক্রিয় রেলগেট চালু হবে: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, যেখানে রেলগেট আছে, সেখানে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি স্বয়ংক্রিয় রেলগেট চালু করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন, যাতে গার্ড থাকলেও রেলগেটের কাছাকাছি আসলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
রোববার দুপুরে তিনি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এক প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে স্টেশন মাস্টার ও গেইটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে গাফিলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রেলওয়ে এবং স্থানীয় প্রশাসন থেকে মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং যাদের ঢাকায় নেওয়ার প্রয়োজন, তাদের ঢাকায় নেওয়া হবে। সার্বক্ষণিকভাবে আহতদের খোঁজখবর রাখা হচ্ছে।
ঘটনাটি ঘটে শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়, যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের যাত্রীবাহী বাস ধাক্কা খায় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেনের সঙ্গে। এতে ১২ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হন।







