জাতীয়
মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে আটক আসামিদের ১৫ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতে আটক হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ড প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের ‘রহস্যজনক নীরবতা’ ও ‘নিষ্ক্রিয়তায়’ গভীর হতাশা এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ড শেষে আসামিদের আবারও ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তবে সরকারের পদক্ষেপ না থাকায় এই পরিস্থিতি ‘স্থবির’ এবং ‘ব্যর্থতার চিহ্ন’ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইনকিলাব মঞ্চ জাতির সামনে নিম্নোক্ত ৬ দফা দাবি উত্থাপন করেছে:
১) পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এটি অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম।
২) হত্যার প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের সাহায্যকারীদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩) আসামিরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়েছে, কাদের সহায়তা নিয়েছে, তা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের নাম জনসমক্ষে প্রকাশ এবং গ্রেপ্তার করতে হবে।
৪) ভারতে ‘UAPA’ আইনের কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি সেল গঠন করতে হবে। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
৫) ওসমান হাদি হত্যার বিচার কোনো গোপন ট্রায়ালে হবে না। এটি হবে ‘ওপেন ট্রায়াল সিস্টেম’, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।
৬) আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না হলে, ইনকিলাব মঞ্চ ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে। সংগঠনটি শহিদের রক্তের সঙ্গে আপস করতে জানে না।








