জাতীয়
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা ও জুলাইয়ের আন্দোলনের আকাঙ্খা অনুযায়ী পদক্ষেপ নেবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করা হবে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। কমিটিকে সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশেষ কমিটি সংসদের অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে। বৈঠকে আলোচনা হবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে। পর্যালোচনার পর কমিটি চূড়ান্ত সুপারিশ সংসদে পেশ করবে।
গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলি উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।







