জাতীয়
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের তালবাহানা দৃশ্যমান: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন সরকারকে সমালোচনা করে বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তারা এখনও তালবাহানা করছে।
তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচারের জন্য হয়েছিল। এরপর অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়েছে। এই সময়ে দেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদ এসেছে, এবং দেশের মানুষ সেই স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালে দেশের ছাত্র, শ্রমিক ও জনতা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন। ১৯৭১ সালের মতোই আমরা ২০২৪ সালে আরেকটি বিজয় অর্জন করেছি। ১৯৪৭ সালে এই ভূখণ্ডের মানচিত্র তৈরি হয়েছিল, আর ২০২৪ আমাদের সামনে নতুন বাংলাদেশের সুযোগ নিয়ে এসেছে।”
আখতার হোসেন বলেন, “স্বাধীনতা দিবসে আমরা বীর শহীদদের স্মরণ করি এবং তাদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার শপথ গ্রহণ করি। শপথের অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের পর গণভোট অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান প্রকাশ করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই এই সংস্কার বাস্তবায়ন হোক। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, বীর শহীদরা একটি গণতান্ত্রিক দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমান সংবিধানের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র অর্জন সম্ভব নয়।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়েছিল, এবং সব দল জাতির কাছে সংস্কারকৃত সংবিধানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে আখতার হোসেন জানান, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বর্তমানে তালবাহানা করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, “এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে বিরোধপূর্ণ। দেশের মানুষ এটি কখনো মেনে নেবে না।”







