জাতীয়
হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচলের সুযোগ পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালিতে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। ইরান জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়নি। তিনি বলেন, “অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারা নিরাপদে প্রণালি পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।”
তিনি আরও জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ ইতোমধ্যেই প্রণালি পার হয়েছে। বাংলাদেশসহ কিছু দেশও ইরানের সঙ্গে সমন্বয় করে চলাচলের অনুমতি পেয়েছে।
আরাগচি সতর্ক করেছেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে দেখে বা চলমান সংঘাতে জড়িত বলে মনে করে, তাদের জাহাজ প্রণালি দিয়ে যেতে পারবে না। তিনি বলেন, “পুরো অঞ্চল এখন যুদ্ধক্ষেত্র। আমাদের শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের কোনো কারণ নেই। তবে অন্যান্যদের জন্য প্রণালি খোলা থাকবে।”







