জাতীয়

বিএনপি আগের আওয়ামী লীগের পথেই চলছে: রাশেদ প্রধান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বিএনপি আগের আওয়ামী লীগের পথেই চলছে: রাশেদ প্রধান- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের নেতৃত্বে দুটি গুণ থাকা অপরিহার্য—দুর্নীতিমুক্ত থাকা এবং আধিপত্যবাদকে মেনে না নেওয়া। তিনি বলেন, এই দুই গুণ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।


বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার: আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।


তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান সরকার বিএনপি তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে।”


জাগপা মুখপাত্র আরও বলেন, ক্ষমতায় আসার পরই ‘ম্যানেজ ভোটের’ বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ। স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুঃখজনক হলেও বিএনপিও আজ সেই একই পথে চলে যাচ্ছে।


তিনি মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”


সভায় সভাপতিত্ব করেন জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।


সম্পর্কিত খবর