জাতীয়
সংস্কার সংসদে না হলে মাঠে বাস্তবায়ন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ক্ষুণ্ণ করা হচ্ছে। তিনি বলেন, সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। রাজনৈতিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্কার ও বিচার অপরিহার্য।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় বিচার আমরা দিতে পারিনি। এ পরিস্থিতিতে সরকারের তত্ত্বাবধানে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হওয়া আমাদের সন্দেহ বাড়াচ্ছে যে নির্বাচন ভারতের সঙ্গে কোনো ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের ফাঁদে পা দেব না। সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে, তাদের নিয়ন্ত্রণে আনুক। আওয়ামী লীগের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা দেশের স্বার্থে হোক।”
পাটওয়ারী আরও বলেন, “সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার—এই দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, আমাদের আবার মাঠে নামতে হবে। মানুষ এখনো প্রস্তুত, শুধু একটি সঙ্কেতের অপেক্ষা।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিরোধী দলের সংসদে বক্তব্য থাকা সত্ত্বেও সরকারের কোনো মনোযোগ নেই। ভারতীয় চুক্তির বিষয়েও তারা পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের রাজপথে নামার কোনো বিকল্প নেই।”







