জাতীয়

৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা হবে: আইজিপি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা হবে: আইজিপি- খবরের থাম্বনেইল ফটো

২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সকল প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। প্রত্যেক ঘটনার তদন্ত ও বিচার আইন অনুযায়ী হবে।


আইজিপি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে দেশের ইতিহাসে সেরা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তিনি নাগরিকদের শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে আইন মেনে চলার আহ্বান জানান।


তরুণদের উদ্দেশে তিনি বলেন, "কথায় কথায় রাস্তায় নেমে সড়ক অবরোধ করা ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।" বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে আইজিপি উল্লেখ করেন, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি এবং দেশের বাইরে টাকা পাচারের কারণে ব্যাংকগুলোর অবস্থা খারাপ। এসব কারণে তরুণেরা মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে কার্যকর রয়েছে।


জ্বালানি তেলের সঙ্কট ও কালোবাজারি নিয়ে তিনি বলেন, “দু-একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাড়তি দামে বিক্রি করলে খুব বেশি লাভ হয় না। এ ক্ষেত্রে নৈতিক চিন্তাভাবনা জরুরি।”


আইজিপি জানান, ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরকে ‘স্মার্ট ও সেফ সিটি’ হিসেবে রূপান্তরের জন্য পুলিশ সরকারকে প্রস্তাব দিয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।


জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আইজিপি। তিনি বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন, তাই এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়।


সম্পর্কিত খবর