জাতীয়

নকলমুক্ত দেশ গড়তে শিক্ষকদের দায়বদ্ধ ভূমিকা অপরিহার্য: শিক্ষামন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নকলমুক্ত দেশ গড়তে শিক্ষকদের দায়বদ্ধ ভূমিকা অপরিহার্য: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন বলেছেন, নকলমুক্ত দেশ গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।


মন্ত্রী বলেন, “বিগত সরকারের সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে শিক্ষকরাই শিক্ষার্থীদের খাতায় লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। তবে বর্তমানে এ ধরনের অনিয়ম সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে।”


তিনি আরও বলেন, “পাবলিক পরীক্ষায় নকলের শুরু যেমন শিক্ষকদের মাধ্যমেই হয়েছিল, তেমনি তা বন্ধ করতেও শিক্ষকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আসন্ন পরীক্ষাগুলো সম্পূর্ণ নকলমুক্ত করতে শিক্ষকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।”


আসন্ন এসএসসি পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।


মন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন এবং দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। তিনি এটি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।


মতবিনিময় সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক সভায় অংশগ্রহণ করেন।


সম্পর্কিত খবর