বাণিজ্য

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ- খবরের থাম্বনেইল ফটো

অবশেষে বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত হলো। এখন থেকে সরকারিভাবে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানি করতে পারবে।


ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এ অনুমোদন দিয়েছে বলে হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।


বর্তমান নীতিমালা অনুযায়ী, যেকোনো দেশ ভিয়েতনামে আলু রপ্তানি করতে চাইলে দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ নিবন্ধন করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আমদানির অনুমতি দেয়।


ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং দেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে গত মে মাসে নিবন্ধনের আবেদন করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পরে ভিয়েতনাম সরকার বাংলাদেশকে আলু রপ্তানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।


রাষ্ট্রদূত লুৎফর রহমান বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। এই সিদ্ধান্তের ফলে আলু রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশ করতে পারবে এবং দেশের প্রান্তিক কৃষকরাও সরাসরি উপকৃত হবেন। ভিয়েতনামে আলুর চাহিদা ব্যাপক। রপ্তানি কার্যক্রম শুরু হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমানো সম্ভব হবে।


তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানির পথও প্রশস্ত হবে। দূতাবাস ভিয়েতনামের বাজারে বাংলাদেশের বৈচিত্র্যময় কৃষিজাত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত খবর