জাতীয়

‘বিএনপি একটা কুফা দল’ চরমোনাই পীরের নামে ভাইরাল বক্তব্যটি মিথ্যা

ডেস্ক

শেয়ারঃ

‘বিএনপি একটা কুফা দল’ চরমোনাই পীরের নামে ভাইরাল বক্তব্যটি মিথ্যা- খবরের থাম্বনেইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) নামে ‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদ্যুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না’ এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড আকারে ভাইরাল হয়েছে।


তবে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার। রোববার দুপুরে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একটি সার্কাজম বা ব্যঙ্গাত্মক ফেসবুক পেজের পোস্ট থেকে এই দাবির সূত্রপাত। পরে সেটিকেই চরমোনাই পীরের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


অনুসন্ধানে দেখা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। পেজটির অ্যাবাউট সেকশনে এটিকে Satire/Parody হিসেবে উল্লেখ করা রয়েছে। অতীতেও পেজটিতে এ ধরনের তথ্যপ্রমাণহীন ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশিত হয়েছে।


এ ছাড়া সংশ্লিষ্ট দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রও পাওয়া যায়নি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।


সুতরাং, রেজাউল করীম ‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদ্যুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না’ এমন মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা মিথ্যা।


সম্পর্কিত খবর