বাণিজ্য
স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ কত দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দামে আজ সোমবার ৩০ মার্চ থেকে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।
বাজুস গত শনিবার বিকেলে স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২৮ মার্চ সকালেও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা। ওই দাম কার্যকর হয়েছিল একই দিন সকাল ১০টা থেকে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২১ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৯ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বেড়েছে এবং ১৩ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।







