জাতীয়

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ- খবরের থাম্বনেইল ফটো

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।


সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন।


এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের কথা উল্লেখ করে আবেদন করা হয়। আবেদনে অভিযোগগুলো তদন্ত করার অনুরোধ জানিয়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।


অভিযোগপত্রে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় অত্যন্ত পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলার শুনানিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে কোনো প্রকার পক্ষ না করেই তাঁর মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থী বলে আবেদনকারী দাবি করেছেন।


আইনি মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের তদন্ত চলাকালীন বা শুরুর মুখে বিচারপতির এই পদত্যাগ বিচারিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় এ ধরনের অভিযোগ ও তার পরিণতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর