জাতীয়

ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে শিল্পকলার ভূমিকা তুলে ধরলেন প্রণয় ভার্মা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে শিল্পকলার ভূমিকা তুলে ধরলেন প্রণয় ভার্মা- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে সংযুক্ত করার ক্ষেত্রে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলছে।


তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শিল্পকলা একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এটি আমাদের দুই দেশের মানুষকে একত্র করে, হৃদয়ের বন্ধন তৈরি করে।’


আজ ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় রাষ্ট্রদূত শুক্রবার ঢাকার গ্যালারি কায়ায় আয়োজিত ‘ক্রসরোড... নট আ প্রজেক্ট’ শীর্ষক শিল্প প্রদর্শনী উদ্বোধন করেন।


ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ইতিহাস, ভূগোল, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বাইরেও শিল্পকলা ধারাবাহিকভাবে দুই দেশের মধ্যে একটি মৌলিক সংযোগকারী হিসেবে কাজ করেছে।


তিনি উল্লেখ করেন, শিল্পকলা ও শিল্পীদের বিনিময় দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সম্পৃক্ততার একটি অবিচ্ছেদ্য অংশ, যা সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততাকে অনুপ্রাণিত করেছে এবং এতে উল্লেখযোগ্য সৃজনশীল কাজ হয়েছে।


ভার্মা শিল্পকলার ক্ষেত্রে বিস্তৃত সাংস্কৃতিক বিনিময়ের আশা প্রকাশ করেন। এই ধরনের উদ্যোগে ভারত সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে বলে জানান তিনি।


প্রদর্শনীতে বাংলাদেশের সমকালীন ১১ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পায়। এতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)-এর স্কলাররাও রয়েছেন। প্রদর্শনীতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন ও প্রকৃতির চিত্রায়ণসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।


সম্পর্কিত খবর