জাতীয়

ফুলকুঁড়ি আসরের ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

ফুলকুঁড়ি আসরের ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬ উদ্বোধন- খবরের থাম্বনেইল ফটো

গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬ উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) শুরু হওয়া এই চার দিনব্যাপী ক্যাম্পে চতুর্থ থেকে অনূর্ধ্ব দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সারাদেশ থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।


অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছয়টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে রেজিমেন্টগুলোর নামকরণ করা হয়েছে শহিদ জাবির ইব্রাহিম, শহিদ ফারহান ফাইয়াজ, শহিদ তাহমিদ ভূইয়া, শহিদ আব্দুল আহাদ, শহিদ শাহরিয়ার খান আনাস এবং শহিদ গোলাম নাফিজের নামে।


ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসাইন, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা।


প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসাইন বলেন, “তোমরা যারা ফুলকুঁড়ির এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরেছো, তারা সত্যিই সৌভাগ্যবান। আমার দুর্ভাগ্য যে, আমার শৈশবে ফুলকুঁড়ি আসরের মতো এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারিনি।” তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীকে স্মরণ করে বলেন, নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে বড় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।


সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাকালীন ইতিহাস স্মরণ করেন এবং আসরের প্রয়াত সভাপতি ও উপদেষ্টাবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আমাদের আদর্শ মানুষ হতে হবে। অন্যের হক নষ্ট করা যাবে না এবং নিজের হক নিজেকেই আদায় করে নিতে হবে।”


৩ এপ্রিল শুরু হওয়া এই স্প্রিং ক্যাম্প আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে। চার দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা ‘আলোর ভুবন’, ‘জীবন পথের গান’, ‘মেধা যাচাই’, শরীরচর্চা ও মাঠের কাজ, ‘চ্যালেঞ্জিং আওয়ার’, ‘ফার্স্ট এইড’ ও ‘সিভিল ডিফেন্স’-সহ বিভিন্ন শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবে।


উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচটি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত খবর