বাণিজ্য

চিকিৎসা ব্যয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ১০ লাখ টাকা তুলতে পারবেন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চিকিৎসা ব্যয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ১০ লাখ টাকা তুলতে পারবেন- খবরের থাম্বনেইল ফটো

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


রাজধানীর সেনা কল্যাণ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘অসুস্থ গ্রাহকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।’


তিনি আরও জানান, অর্থ ছাড়ের আগে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক।


চিকিৎসা ব্যয়ে আমানতকারীদের ১০ লাখ টাকার বেশি অর্থ ছাড়ের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।


তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে ব্যাংকের প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


শাহরিয়ার সিদ্দিকী বলেন, শর্ত পূরণের পরও যেসব গ্রাহক অনুমোদিত অর্থ তুলতে পারছেন না, তারা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করতে পারবেন।’


আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গ্রাহকরা এত দিন যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন। আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করছি। সবাই তাদের অর্থ পাবেন। সরকারের আমানত সহায়তার অনুপাতে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।’


তিনি আরও জানান, শুরুতে দুই লাখ টাকা সীমা দিয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা শক্তিশালী করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।


তিনি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ামাত্র বাংলাদেশ ব্যাংক তা দ্রুত বাস্তবায়ন করবে।’


সম্পর্কিত খবর