বাণিজ্য
বরগুনায় তিন দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।
এ সময় বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা সালেহ ফারুক, রেজবুল কবির, ইসলামী আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আবদুর শাকুর উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিসিক উদ্যোক্তা মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ নানা ধরনের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।







