জাতীয়
জাতীয় নির্বাচন দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ: মিয়া গোলাম পরওয়ার

খুলনা ৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আসন্ন জাতীয় নির্বাচনকে দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনার আরাফাত এলাকায় আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ভোট কেনার জন্য দেওয়া কালো টাকা প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, টাকা দিয়ে মানুষের বিবেক কেনা যায় না এবং ভোট বিক্রি করা মানে ভবিষ্যৎ বিক্রি করা। ভোট কেনার উদ্দেশে দেওয়া অর্থ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করার পরামর্শও দেন তিনি।
নির্বাচনি রাজনীতি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগে যুদ্ধ হতো তরবারি, তীর-ধনুক ও কামান দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে। তিনি বলেন, সহিংসতা, সন্ত্রাস ও জোরপূর্বক ক্ষমতা দখল ইসলাম সমর্থন করে না এবং জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই রাষ্ট্র ও সরকার পরিবর্তনের পক্ষে।
জেলা জামায়াতের নায়েবে আমির, থানা আমির,শিবিরের জেলা সভাপতিসহ স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।








