জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রতিবাদ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রতিবাদ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাষ্ট্রের ‎নিউইয়র্ক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘জাস্টিস ফর জুলাই’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বাংলাদেশের সরকারের প্রতি গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানান।


রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় আয়োজিত এই সমাবেশের আয়োজন করে প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরাম। ‘মব’ সংস্কৃতি বন্ধ, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিতে প্রবাসীরা এ কর্মসূচি পালন করেন।


সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও বিদেশি প্রভাব বাড়বে এবং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হতে পারে। তিনি বাকস্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


প্যাট্রিয়টস অব বাংলাদেশের সভাপতি আবদুল কাদের বলেন, জুলাই আন্দোলন ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও মর্যাদার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনায় প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন।


জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন অভিযোগ করেন, দেশে ‘মব’ সংস্কৃতির মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলে ধরে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান ও সাংবাদিক দীপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সভায় আরও অনেকে বক্তব্য রাখেন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর