বাণিজ্য
ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২ হাজার আয়কর রিটার্ন অডিটে এনবিআর

ভ্যাট রিটার্নের পর এবার ঝুঁকিভিত্তিক মানদণ্ডে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩–২৪ করবর্ষে দাখিল করা মোট ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছে।
মঙ্গলবার এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এর আগে চলতি এপ্রিলেই ঝুঁকিভিত্তিক মানদণ্ডে ৬০০টি ভ্যাট রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে অডিট নির্বাচন নিয়ে করদাতা ও ব্যবসায়ীদের মধ্যে নানা অভিযোগ ছিল। অভিযোগ উঠেছিল, একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বারবার অডিটে ফেলা, এমনকি হয়রানি বা আর্থিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে কিছু কর্মকর্তার বিরুদ্ধে। ফলে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জোরালো হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর ম্যানুয়াল অডিট নির্বাচন সাময়িকভাবে স্থগিত করেন। স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত অডিট নির্বাচন বন্ধ রাখার কথাও তিনি জানিয়েছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। যেসব এলাকায় কর ফাঁকির ঝুঁকি বেশি, সেসব সার্কেল থেকে তুলনামূলক বেশি সংখ্যক রিটার্ন বাছাই করা হয়েছে।
এর আগে ২০২৩–২৪ করবর্ষে দৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটে নেওয়া হলেও, তা ঝুঁকিভিত্তিক বিশ্লেষণের আওতায় ছিল না।
তবে নতুন পদ্ধতি নিয়ে কিছু শঙ্কাও রয়েছে। কর আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় মানবীয় হস্তক্ষেপ কমায় স্বচ্ছতা বাড়বে। কিন্তু অস্বাভাবিক সম্পদ-আয়ের বৈষম্য থাকলেও সব ক্ষেত্রে তা ধরা পড়বে কি না—সেই প্রশ্ন রয়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিপুল সম্পদের মালিক হয়েও কেউ খুব কম আয় দেখালে সেটি ঝুঁকিভিত্তিক অ্যালগরিদমে ধরা নাও পড়তে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও অ্যালগরিদমের কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। এতে করে একদিকে স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে প্রকৃত ঝুঁকিপূর্ণ করদাতাদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হবে।







