বাণিজ্য

বিনিয়োগবান্ধব পরিবেশে সুদের হার এক অঙ্কে নামানোর উদ্যোগের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বিনিয়োগবান্ধব পরিবেশে সুদের হার এক অঙ্কে নামানোর উদ্যোগের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান ১৩–১৪ শতাংশ সুদের হারে শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প, টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।


বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপো (বিটিকেজি এক্সপো ২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


বিকেএমইএ ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ২ মে পর্যন্ত চলবে। এতে দেশি-বিদেশি ৯০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং প্রায় ১,২০০টি বুথে টেক্সটাইল, নিটওয়্যার ও গার্মেন্টস খাতের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।


বাণিজ্যমন্ত্রী বলেন, “শ্রমনির্ভর ও স্বল্প মুনাফার শিল্পের জন্য বর্তমান উচ্চ সুদের হার বড় বাধা। বিনিয়োগ বাড়াতে অর্থায়নের খরচ অবশ্যই কমাতে হবে।”


তিনি আরও জানান, দেশে জ্বালানি সংকট শিল্প উৎপাদনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মোট চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে দৈনিক ১,৪০০ থেকে ১,৭০০ এমএমসিএফডি ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি নতুন ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।


দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বেসরকারি খাতকে অগ্রণী ভূমিকা নিতে হবে।


ব্যবসা সহজীকরণ প্রসঙ্গে তিনি বলেন, নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে ২৫–২৬টি লাইসেন্স প্রয়োজন হয়, যা উদ্যোক্তাদের জন্য জটিলতা তৈরি করে। এই প্রক্রিয়া সহজ করে প্রভিশনাল অনুমোদনের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরুর সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সভাপতিত্ব করেন। প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান ও ইনফোচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিনও বক্তব্য দেন।


এবারের এক্সপোতে বাংলাদেশসহ ২৮টি দেশের অংশগ্রহণে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ডাই-কেমিক্যালস ও উৎপাদন সমাধান প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন দেশের শিল্পখাতের আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর