জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের নামের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।


তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। এই সময়ের মধ্যে কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আইন অনুযায়ী ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা চূড়ান্ত করে আগামীকাল কমিশনে উপস্থাপন করা হবে এবং পরে গেজেট প্রকাশ করা হবে।


গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।


এদিকে সংরক্ষিত ৫০টি আসনের একটি আসন এখনো অমীমাংসিত রয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে তিনি হাইকোর্টে রিট (নম্বর ৫০২২/২০২৬) দায়ের করেন। আদালত ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। ইসি আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।


অন্যদিকে, সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আগেই বাতিল করে নির্বাচন কমিশন। তবে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন কি না, সে বিষয়ে এখনো কমিশনকে অবহিত করা হয়নি বলে জানানো হয়।


সবশেষে ইসি জানায়, বাকি আসনটি নিয়ে আইনি প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর