জাতীয়
জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি এটিকে “অন্তহীন প্রতারণার দলিলে” পরিণত করেছে। তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদকে দলীয় স্বার্থে ব্যবহার করে বিএনপি তা কলুষিত করেছে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকারের প্রস্তাব অনুযায়ী গঠনমূলক বিষয়ে বিরোধীদল অযথা বিরোধিতা না করে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়টি সংসদে উত্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন তিনি।
তার অভিযোগ, শাহবাগ থানার সামনে সংগঠনটির কয়েকজন সদস্যকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করলেও এখনো মামলা নেওয়া হয়নি। “কেন মামলা গ্রহণ করা হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে তা স্পষ্ট করতে হবে,” বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, থানার ভেতরে প্রবেশ করে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধির ওপরও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথাও উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “গত ৫০ বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি চলছে। এর সমাধান এখনো হয়নি কেন—এ প্রশ্নের জবাব দিতে হবে।” তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, দীর্ঘদিন জামায়াতের সঙ্গে রাজনীতি করেও তারা এই বিভাজনের সমাধান করতে পারেনি।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, এটি নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েমের ঘটনাও ভুলে গেলে চলবে না।”
জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের চেতনার নবায়ন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অতীতের বিতর্কে আটকে না থেকে সামনে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের বিভাজন দেখিয়ে জনগণকে আর বিভক্ত করা যাবে না।






