খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশের- খবরের থাম্বনেইল ফটো

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জিততে চায় বাংলাদেশ। 


অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না সফরকারী নিউজিল্যান্ড। 


আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। 


চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 


এরপর চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনের সাথে ২৮ বলে ৫৭ এবং পঞ্চম উইকেটে শামীম হোসেনকে নিয়ে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রান যোগ করে ১২ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাওহিদ হৃদয়। 


ইমন ১৪ বলে ২৮, শামীম ১৩ বলে অপরাজিত ৩১ এবং ২৭ বলে ৫১ রানে অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা হন হৃদয়। 


১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।


প্রথম ম্যাচের মতো তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ব্যাট-বল হাতে জ্বলে উঠে সিরিজ জিততে চায় বাংলাদেশ। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন বলন, ‘দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির উপর কারও হাত নেই, এটা আসলে ব্যাড লাক।


তারপরও শেষ ম্যাচে আমাদের সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। আমরা অবশ্যই আমরা সিরিজ জয়ের জন্য মাঠে নামব। আমরা চাইব, শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে।’


এদিকে, সিরিজ জয়ের সুযোগ না থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ানোর পাশাপাশি ভালোভাবে বাংলাদেশ সফর শেষ করতে চায় নিউজিল্যান্ড। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেন, ‘চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আমাদের সামনে এখনো সিরিজ হার এড়ানোর সুযোগ আছে। ভালো ক্রিকেট খেলে সুযোগ কাজে লাগাতে চাই।


আমরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করেছি। ঐ ম্যাচে অনেক ভালো দিক ছিল, কিছু ভুলও ছিল। ভুলগুলো শুধরে আগামীকাল ভালোভাবে লড়াইয়ে ফিরতে চাই।’


টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 


২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। 


এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। 


বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন। 


নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার ও ব্লেয়ার টিকনার।


সম্পর্কিত খবর