খেলাধুলা
বিশ্বকাপে আমন্ত্রণ পেলেও যুক্তরাষ্ট্র-কানাডার ভিসা পাননি ফিলিস্তিন ফুটবলপ্রধান

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব।
তিনি দাবি করেছেন, বিষয়টি রাজনৈতিক কারণে হয়েছে। তবে ভিসা না পেলেও তিনি সহ-আয়োজক দেশ মেক্সিকোয় গিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জিবরিল রাজৌব জানান, তিনি আম্মান থেকে আবেদন করলেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। একইভাবে কানাডার ভিসাও দেয়া হয়নি তাকে। এ পরিস্থিতিকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।
রাজৌব বলেন, কিছু পক্ষ চায় না ফিলিস্তিন ইসরাইলের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করুক, তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে তিনি মেক্সিকো সিটিতে অবস্থান করছেন এবং সেখানে বিশ্বকাপের একটি ম্যাচ দেখার কথা রয়েছে বলে জানান তিনি।
এর আগে এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিলেও তিনি ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তার সঙ্গে যৌথ ছবি তুলতে অস্বীকৃতি জানান।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে পশ্চিম তীরের কিছু ক্লাবকে ইসরাইলি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে এবং এ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলও করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ভিসা প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের নাগরিকদের প্রবেশে জটিলতার অভিযোগও সামনে এসেছে।







