খেলাধুলা
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি চূড়ান্ত, দায়িত্বে কে!

ছবি : সংগৃহীত
বিশ্ব ফুটবলের দুই বর্তমান সেরা শক্তি যখন শিরোপার লড়াইয়ে নামছে, তখন আলোচনার একটি বড় অংশ ঘুরছে রেফারিকে ঘিরে। ফাইনালের আগে পরিসংখ্যান বলছে, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের অধীনে স্পেন কখনও হারেনি। অন্যদিকে, তার পরিচালিত একমাত্র ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হজম করতে হয়েছিল তিক্ত পরাজয়। তবে মাঠের লড়াইয়ে অতীতের এসব পরিসংখ্যান কতটা প্রভাব ফেলবে, তার উত্তর মিলবে ফাইনালের ৯০ মিনিটেই।
২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। এই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ভিনচিচের খুব বেশি নেই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে তার পরিচালিত ম্যাচেই ২-১ গোলে হেরে বসেছিল লিওনেল স্কালোনির দল। সেই হারেই থেমে যায় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা। ওই ম্যাচে আর্জেন্টিনা আরও তিনবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলগুলো বাতিল হয়।
অন্যদিকে, স্পেনের জন্য ভিনচিচ যেন শুভ সংকেত। তার পরিচালনায় এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে স্প্যানিশরা। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হলেও বাকি তিনটিতেই জয় এসেছে। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে স্পেন। এরপর ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র হয়। তবে ২০২৩ নেশনস লিগের সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় ইতালিকে।
সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও স্পেনের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন ভিনচিচ। গ্রুপ পর্বে ইতালিকে ১-০ গোলে এবং সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লুইস দে লা ফুয়েন্তের দল। চলমান আসরেও ভিনচিচ তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচে তার সিদ্ধান্ত ছিল বেশ আলোচিত।
মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে তিনি ‘প্রেস্তিয়ান্নি আইন’ প্রয়োগ করে ইকুয়েডরের পিয়েরো ইনকাপিয়েকে লাল কার্ড দেখান। এই নিয়ম অনুযায়ী, উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
ফাইনালে ভিনচিচকে সহায়তা করবেন তারই স্বদেশি দুই সহকারী তমাশ ক্লানচনিক ও আন্দ্রাশ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।







