বাণিজ্য
৫৩ হাজার টন ডিজেল নিয়ে আরো ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। দেশে দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা হিসেবে এ ডিজেল দিয়ে প্রায় চার দিনের চাহিদা মেটানো সম্ভব।
জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার (১ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
এরপর শনিবার (২ মে) ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ অবস্থান করছে। বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে আরও দুটি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলছে। নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
এর আগে, এপ্রিল মাসে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল নিয়ে মোট ২০টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এছাড়া মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির পরিকল্পনা নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।







