জাতীয়

এমপির মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

এমপির মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ- খবরের থাম্বনেইল ফটো

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করে দিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা।


শনিবার (২ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের উদ্যোগে অধ্যক্ষের কক্ষে বৈঠকের মাধ্যমে এই ‘ভুল বোঝাবুঝির’ অবসান হয়।


কলেজ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিক্ষকেরা মধ্যাহ্নভোজে থাকাকালে ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এক শিক্ষক আহত হন এবং অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হয়। ঘটনার পর শিক্ষকেরা জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ ৮ দফা দাবি জানান।


পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এতে কলেজের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয় এবং সাবেক সভাপতি আকবর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


ঘটনার পর শনিবার কলেজে গিয়ে এমপি শাহজাহান শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।


এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা বলেন, “ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছে। তারা তো আমার ছাত্র, আমি কিছু মনে রাখিনি।”


সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, “ছাত্রদের এমন আচরণ মোটেও কাম্য নয়। ছাত্র ও শিক্ষকের মধ্যে কোনো রাজনীতি থাকা উচিত নয়। শিক্ষকরা সবার কাছে শ্রদ্ধার পাত্র।”


এ সময় কলেজের অন্যান্য শিক্ষক এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এমপির এই উদ্যোগে ক্যাম্পাসে চলমান অস্থিরতা কেটে যাবে।


সম্পর্কিত খবর